তিস্তা নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। কোথাও বিস্তীর্ণ বালুচর, কোথাও আবার নদীর শাখা ও খালে পানি। বদলে গেছে নদীর ঘাটগুলোর অবস্থানও। ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরাঞ্চলে যান্ত্রিক যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। এক স্থান থেকে অন্য স্থানে যেতে স্থানীয়দের দীর্ঘ পথ হাঁটতে হচ্ছে। বিশেষ করে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। এ পরিস্থিতিতে চরবাসীর প্রধান বাহন হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদর থেকে চরাঞ্চলে পণ্য নেওয়া কিংবা চর থেকে উৎপাদিত ফসল বাজারে পৌঁছাতে ঘোড়ার গাড়ির চাহিদা বেড়েছে। এই বাহন চালিয়ে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার কোচোয়ান।
সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর আগের খরস্রোতা রূপ এখন আর নেই। দীর্ঘদিন নদী খনন না হওয়ায় পানি কমে গেলে বিভিন্ন স্থানে ডুবোচর জেগে ওঠে। নদীর বুকে তৈরি হওয়া এসব বালুচরে ভাঙনে জমি হারানো অনেক পরিবার নতুন করে চাষাবাদ শুরু করেছে। তাঁদের উৎপাদিত ফসলের বাজারে চাহিদাও রয়েছে। কিন্তু ফসল পরিবহনে উপযুক্ত যানবাহন না থাকায় ঘোড়ার গাড়ির ওপরই নির্ভর করতে হচ্ছে কৃষকদের।
সম্প্রতি বেলকা ও হরিপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘাটগুলোতে ১০ থেকে ১৫টি ঘোড়ার গাড়ি সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। খেয়া বা রিজার্ভ নৌকা থেকে মালামাল নামানোর পর যাত্রার ক্রমানুসারে সেগুলো গাড়িতে তোলা হচ্ছে।
বেলকার চরাঞ্চলের কৃষক মান্নান মিয়া জানান, এবার তিনি দুই বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। ধান কাটার পর জমি থেকে বাড়ি কিংবা কাছের মাড়াইয়ের জায়গায় নিতে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এ জন্য ঘোড়ার গাড়ির চালককে অন্তত দুই হাজার টাকা দিতে হবে। যন্ত্রচালিত যানবাহন চলাচল করতে পারলে পরিবহন খরচ কম হতো বলে মনে করেন তিনি।
মান্নান মিয়া বলেন, বালুচরে অন্য যানবাহন সহজে চলতে পারে না। তিস্তার শাখানদী ও খালের কোথাও হাঁটুপানি, কোথাও গলাপানি পেরোতে হয়। এসব জায়গায় ঘোড়ার গাড়িই সবচেয়ে নির্ভরযোগ্য। খরচ বেশি হলেও অন্তত ফসল নিরাপদে বাড়িতে নেওয়া যায়।
একই এলাকার বাসিন্দা সৈয়দ আলী জানান, শুধু ধান নয়, চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার, বীজসহ বিভিন্ন উপকরণ আনা-নেওয়ার ক্ষেত্রেও ঘোড়ার গাড়ির বিকল্প নেই।
হরিপুরের মুদি দোকানি সাহেব আলী বলেন, দোকানের মালামাল আনতে কয়েকটি শাখানদী পার হতে হয়। ঘোড়ার গাড়ি পানির মধ্য দিয়েও চলাচল করতে পারে। তবে পরিবহন খরচ বেশি হওয়ায় পণ্য বিক্রির সময় দামও কিছুটা বাড়াতে হয়।
বেলকা চরের ঘোড়ার গাড়িচালক সাদেকুল মিয়া জানান, সারা দিন গাড়ি চালিয়ে এক থেকে দেড় হাজার টাকা আয় করা যায়। তবে ঘোড়ার খাবার ও গাড়ির পেছনে প্রতিদিন প্রায় ৬০০ টাকা খরচ হয়। বর্ষাকালে গাড়ি চালানো সম্ভব হয় না। তখন অনেক সময় বেকার থাকতে হয়। বছরের অন্য সময়ে আয় থেকে যা সঞ্চয় করা যায়, তা দিয়েই বর্ষাকাল সামলাতে হয়।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, তিস্তার চরাঞ্চল এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। পলি জমে থাকায় এসব এলাকার মাটি বেশ উর্বর। রাসায়নিক সার ছাড়াও ভালো ফলন পাওয়া যাচ্ছে। চরাঞ্চলে বিশেষ করে ভুট্টা, গম, আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষা, তিল, তিশি, বিভিন্ন ধরনের শাকসবজি ও ধানের চাষ হচ্ছে।
তিনি আরও বলেন, নানা ধরনের ফসল চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। তবে উৎপাদিত পণ্য বাজারে পৌঁছানোর ক্ষেত্রে যানবাহনের সংকট রয়েছে। এ কারণে তিস্তার চরাঞ্চলে ঘোড়ার গাড়িই এখন কৃষক ও স্থানীয় বাসিন্দাদের প্রধান ভরসা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।