দিনাজপুর

দিনাজপুর সুইহারী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের সুইহারী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর (রেজি নং- ২২/৯০) ৩২তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুর সদরের সুইহারী নভারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান হিলারিউস কর্মকার (রাজকুমার)এর সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান এলিয়াস ডি কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রুহুল আমিন শরিফ। তিনি তার বক্তব্যে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিষ্ঠানটির আর্থিক স্বচ্ছতা ও কার্যক্রমের প্রশংসা করে সমবায়ীদের সার্বিক মঙ্গল কামনা করেন।

সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের (১লা জুলাই ২০২৫ হতে ৩০শে জুন ২০২৬ পর্যন্ত) বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব এবং আগামী দিনের কর্মপরিকল্পনা পেশ ও অনুমোদন করা হয়।

চেয়ারম্যানের শুভেচ্ছা বক্তব্যে জানানো হয়, ১৯৮৮ সালের ১৩ই আগস্ট মাত্র ২৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের বর্তমান শেয়ার সদস্য সংখ্যা ১,৫৬৮ জন (যার মধ্যে পুরুষ ৭৫৬ জন ও নারী ৮১২ জন) এবং ২০২৫-২০২৬ অর্থবছরে মোট মূলধন দাঁড়িয়েছে ১৪ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ২৮২ টাকা। এর আগে বিগত ২০২৪-২০২৫ অর্থবছরে সমিতিতে মূলধন ছিল ১৩ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৫৬২ টাকা এবং শেয়ার সদস্য সংখ্যা ছিল ১,৫৫২ জন।

সমিতির অন্যান্য হিসাবধারীদের মধ্যে সঞ্চয় হিসাবধারী সংখ্যা ৩,২৬২ জন, বহুমুখী ডিপোজিট স্কীম (বি.ডি.এস) হিসাবধারী ২৫৫ জন, মেয়াদী আমানত হিসাবধারী ৭৮ জন, মাসিক মুনাফা সঞ্চয় হিসাবধারী ২৩ জন এবং উৎসব সঞ্চয় হিসাবধারী রয়েছেন ১৮ জন।

আর্থিক প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সদস্য-সদস্যাগণের মাঝে ২৬ লাখ ৬১ হাজার ৩৪৪ টাকা লভ্যাংশ এবং ১৩ লাখ ৫৬ হাজার ৪৬০ টাকা রিবেট বিতরণ করা হবে। বিগত ২০২৪-২০২৫ অর্থবছরে সদস্য-সদস্যাগণের মাঝে ২১ লাখ ৯৬ হাজার ১৯৪ টাকা লভ্যাংশ এবং ১১ লাখ ৬৩ হাজার ২২০ টাকা রিবেট বিতরণ করা হয়েছিল।

এছাড়া, খেলাপী ঋণ আদায় খাতে ৫৩ জন চলমান এবং ৬৬ জন সম্পূর্ণ ঋণ পরিশোধকারীসহ মোট ১১৯ জন সদস্যের কাছ থেকে শেয়ার বাবদ ৮৪ হাজার ৬২৬ টাকা, ঋণ বাবদ ১৪ লাখ ৭৭ হাজার ৪৬৩ টাকা, সুদ বাবদ ১১ লাখ ৭০ হাজার ৯৭৬ টাকা এবং জরিমানা বাবদ ৫৫ হাজার ৪২৬ টাকাসহ সর্বমোট ২৭ লাখ ৮৮ হাজার ৪৯১ টাকা আদায় হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাষ্টিয়ান টুডু ডিডি, জেলা সমবায় অফিসার হরে কৃষ্ণ বর্মন, জেলা উপ-সহকারী নিবন্ধক মস্তাফিজুর রহমান এবং উপজেলা সমবায় অফিসার জয়নাল আবেদীন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুইহারী ক্যাথলিক চার্চের পাল-পুরোহিত ফাদার পাওলো বাল্লান পিমে, নভারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মালতী কস্তা (সি.আই.সি) এবং দিনাজপুর খ্রিস্টান সেভিংস এন্ড কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মিঃ সালভাতর পাউরিয়া।

সাধারণ সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সদস্যদের মাঝে বিশেষ লটারি ড্র এবং সাবেক নির্বাহী কমিটির সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটি, বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য অংশগ্রহণ করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel