দিনাজপুর প্রতিনিধি: চাকরির পেছনে না ছুটে স্বল্প পুঁজি নিয়ে ব্রয়লার মুরগির খামার গড়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরুণ উদ্যোক্তা মো. জামিল হোসেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খামারের পরিচর্যা, মুরগির খাবার সরবরাহ ও সার্বিক ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের লাটেরহাট মাটিয়াকুড়া গ্রামের বাসিন্দা জামিল হোসেনের খামারে বর্তমানে প্রায় এক হাজার ব্রয়লার মুরগি রয়েছে। স্বল্প পুঁজি ও আর্থিক সংকটের কারণে একটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খামারটি পরিচালনা করছেন তিনি।
জামিল জানান, চুক্তি অনুযায়ী প্রতিটি মুরগির বাচ্চা ৩০ থেকে ৪০ টাকা দরে কিনতে হয়। নিয়মিত পরিচর্যা ও সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে ৭০ থেকে ৮০ দিনের মধ্যে প্রতিটি মুরগির ওজন দুই থেকে তিন কেজিতে পৌঁছায়। সব খরচ বাদ দিয়ে কয়েক মাসের ব্যবধানে তার আয় হয় ২০ থেকে ৩০ হাজার টাকা।
খামার পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে জামিল হোসেন বলেন, ‘চাকরির পেছনে না ছুটে অল্প পুঁজিতেই খামার শুরু করেছি। শ্রম দিলে এখান থেকেই ভালো আয় করা সম্ভব। কিন্তু মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক সময় বাজারে মুরগির দাম কম থাকলে লোকসান গুনতে হয়।’
খামারের পরিসর বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ সামাল দিতে সহজ শর্তে ঋণ সহায়তা চান এই তরুণ উদ্যোক্তা। তিনি বলেন, ‘সরকার যদি তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে কিছু ঋণের ব্যবস্থা করে, তাহলে আরও ভালোভাবে ব্যবসা করতে পারব। আমাদের মতো নতুন উদ্যোক্তাদের জন্যও এতে অনেক সুবিধা হবে।’
এলাকাবাসীর মতে, জামিলের মতো তরুণদের আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেকারত্ব কমাতে ভূমিকা রাখছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণের সুযোগ পেলে গ্রামাঞ্চলে আরও অনেক তরুণ এ ধরনের উদ্যোগে আগ্রহী হবেন। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হতে পারে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।