দিনাজপুর প্রতিবেদকঃ বর্ণিল পোশাক, ঐতিহ্যবাহী নৃত্য, লোকসংগীত আর আনন্দ শোভাযাত্রায় মুখর হয়ে উঠেছিল রাজশাহী নগরীর বাগানপাড়া এলাকা। আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন উদ্যাপনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা। এতে দিনাজপুরসহ রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী নগরীর বাগানপাড়া এলাকার উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিজেদের স্বতন্ত্র কৃষ্টি, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা উদ্যাপন কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শেলী বিশ্বাস ও সুমী মুরমু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সামাজিক উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রতন কুমার, বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল অ্যাকাডেমির পরিচালক কাঞ্চন সিং উরাঁও, রাজশাহী ধর্মপ্রদেশের জুডিশিয়াল ভিকার ও উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুরমু, চ্যান্সেলর ফাদার প্রেমু টি. রোজারিও, উদ্যাপন কমিটির সহসভাপতি ড. আরোক টপ্য এবং বাগানপাড়া মুক্তিদাতা হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার লিটন রিবেরু।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, আদিবাসী নেতা ও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এতে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর নারী-পুরুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ে অংশ নেন। শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়।
উৎসবের আলোচনা পর্বে নবান্নের তাৎপর্য, কৃষিনির্ভর জীবনযাত্রা, প্রকৃতির প্রতি মানুষের কৃতজ্ঞতা এবং নতুন ফসল ঘরে তোলার আনন্দের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য রয়েছে। এসব স্বকীয়তা বজায় রেখেই পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
সাংস্কৃতিক পর্বে ছিল বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, লোকসংগীত ও ব্যান্ডসংগীত। বিশেষ করে মাল-পাহাড়িয়া জনগোষ্ঠীর পরিবেশনায় তাদের নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও জীবনবোধ ফুটে ওঠে। রাজশাহী, নওগাঁ ও দিনাজপুর থেকে আসা সাংস্কৃতিক দলগুলোর পরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ করেন বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সাংস্কৃতিক পরিবেশনা। এতে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, নাচ, গান ও জীবনধারার নানা দিক তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং ঐতিহ্য চর্চাকে উৎসাহিত করতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মকে নিজেদের শিকড়, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে পরিচিত করানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
দিনাজপুরসহ তিন জেলার আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে এ উৎসব বিভিন্ন জাতিসত্তার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।