বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় তাঁর দুলাভাই মো. আল মোহাইমিনু মেহেদী হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই বছর কারাভোগ করতে হবে।
রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় দেন।
মামলার অপর দুই আসামি মো. মামুন মন্ডল (৩৮) ও মো. রকি (২৬) খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। তিনি কাহালু উপজেলার পাইকপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল মান্নান জানান, ২০২৫ সালের ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর শিতলাইগ্রামে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয় ওই কিশোরী।
মামলার অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে মেহেদী হাসান, তাঁর ভাই মো. মামুন মন্ডল, ভাগনে মো. রকিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ৮ এপ্রিল কিশোরীর মা মোছা. লাবনী আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে কাহালু থানায় মামলা করেন।
পিপি আব্দুল মান্নান বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।