পাবনার ঈশ্বরদীতে পোলট্রি খামারের চারপাশে বন্যপ্রাণীর আক্রমণ ঠেকাতে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন সরদার (৩০) নামের এক খামারির মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন সরদার উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরব আলী সরদারের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও মুরগির খামারে কাজ করতে যান আলামিন। এ সময় বন্যপ্রাণীর আক্রমণ থেকে মুরগি রক্ষার জন্য খামারের শেডের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। পরে তাঁরা মরদেহ উদ্ধার করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।