নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর রাজশাহীর সিপিসি-২-এর নাটোর ক্যাম্পের সদস্যরা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৫।
সংস্থাটি জানায়, সোমবার ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)। তাঁরা আপন দুই ভাই।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতারণা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে গন্ডবিল গ্রামে শিমুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে শিমুল ও সজীবকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে। অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এসআরবির অভিযানে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।