পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে আতিকুর রহমান (৩৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত আতিকুর রহমান পেশায মাছ ব্যবসায়ী ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রূপপুর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চক আল্লাদী গ্রামের মোবারক হোসেনের ছেলে। আহতরা হলেন- ঈশ্বরদীর খামার কোদালিয়া এলাকার নুরুজ্জামানের ছেলে সেলিম (৪২) এবং চক আল্লাদী এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে নাসিম উদ্দীন (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মাছ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে করে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন আতিকুর রহমান। পথে রূপপুর ট্রাফিক মোড় এলাকায় পৌঁছালে কুষ্ঠিয়া থেকে নাটোর গামী কাঠবোঝাই একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে নছিমনটির সংঘর্ষ হয়। এতে নছিমনে থাকা আতিকুর রহমানসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম ও নাসিম উদ্দীনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।