রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় নারীসহ অন্তত আরো ১২ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ভোর ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৩৫) ও গোলাপী বেগম (৪৮) এবং উলিপুর উপজেলার বাসিন্দা বাসের সহকারী আপেল মাহমুদ (২৫)। নিহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।