ইসরায়েলের সাধারণ নির্বাচনের ফল নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলের আপত্তির মধ্যেই নির্বাচনের ফল বহাল রাখার ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। বিদেশি হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হলেও তাতে পুরো নির্বাচনের ফল বাতিল হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান নোয়াম সোলবার্গ।
রোববার এক ভিডিওবার্তায় তিনি বলেন, বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সন্দেহের সত্যতা পাওয়া গেলেও তা নির্বাচনী প্রক্রিয়ার সামগ্রিক গ্রহণযোগ্যতা কিংবা ফলাফলের বৈধতা নষ্ট করবে না।
গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফল নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি প্রশ্ন তুলেছে। দলটির অভিযোগ, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য কাতারের অর্থায়ন গ্রহণ করেছে এবং ভোটে অনিয়ম ঘটিয়েছে। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি লিকুদ পার্টি। কাতারও অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে অপপ্রচার বলে উল্লেখ করেছে।
নির্বাচনের ফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য কোনো পক্ষই এককভাবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
অন্যদিকে আরব নেতৃত্বাধীন তিনটি দল সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেয়েছে। তাদের সমর্থন পেলে বিরোধী পক্ষের আসনসংখ্যা বেড়ে ৬৭ হতে পারে।
নির্বাচনের আগে ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগে আটক তিন রাজনৈতিক কর্মীর মধ্যে দুজনকে রোববার মুক্তি দিয়েছে পুলিশ। তাদের একজনকে নির্দিষ্ট শর্তে এবং অন্যজনকে গৃহবন্দি রাখার নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে।
নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের জন্য একজন প্রার্থীকে মনোনয়ন দেবেন। ফলে দেশটিতে সরকার গঠনের আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: আলজাজিরা
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।