জাতীয়

তিন দফা দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ন্যূনতম বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার সকালে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে সাভারের পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

শিল্প পুলিশ ও পোশাক শ্রমিক সূত্রে জানা যায়, ন্যূনতম বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সকালে নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নেন পোশাক শ্রমিকেরা। পরে আশুলিয়া থানা পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে, নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে প্রবেশ করে কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। এ সময় নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরে শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিক বলেন, তাঁরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। কিন্তু পুলিশ এসে তাঁদের ধাওয়া দিচ্ছে। এ ছাড়া রোববার পুলিশ পোশাক কারখানাটির দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন তিনি। আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান ওই শ্রমিক।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউ এইজ পোশাক কারখানার দুই শ্রমিককে রোববার পুলিশ আটক করেছে—এমন অভিযোগে ওই কারখানার শ্রমিকেরা সোমবারও বিক্ষোভ করেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আটকের ঘটনাকে তিনি নিন্দা জানান।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে পোশাক শ্রমিকেরা নবীনগর-চন্দ্রা সড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়েছিলেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রোববার নিউ এইজ পোশাক কারখানার একজন শ্রমিককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, রোববার ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সোমবার কতটি কারখানা চালু রয়েছে, তা জানা সম্ভব হয়নি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...