দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন—বোদা উপজেলার সাতখামার এলাকার সজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইয়ানুর তাঁর ফুফাতো ভাই সাব্বিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে দেবীঞ্জের দিকে আসছিলেন। অন্যদিকে, জীবন ও সজ্জাদ অপর একটি মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধরধরা পুল এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুরে পাঠানোর পরামর্শ দেন। তবে রংপুরে নেওয়ার পথেই ইয়ানুরের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে ইয়ানুর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।