জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ ওরফে লাল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলাম শেখ লালুর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোনো সন্তান না থাকায় বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জের ধরে সিরাজুল তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে ও গলাকেটে হত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরের দিন আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।