সিরাজগঞ্জের কামারখন্দে মাঠজুড়ে শোভা পাচ্ছে শীতকালীন নানা ধরনের সবজি। কোথাও সারি সারি বাঁধাকপি, কোথাও ফুলকপির চাষ। সবুজে ছেয়ে যাওয়া বিস্তীর্ণ মাঠে ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তাঁরা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদিত সবজি বাজারে ন্যায্য দামে বিক্রি করতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
সম্প্রতি উপজেলার চরদসশিকা গ্রামের মাঠ ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির খেতে পরিচর্যার কাজে ব্যস্ত কৃষকেরা। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ সার দিচ্ছেন, আবার কেউ যত্ন নিচ্ছেন গাছের। শীতের আগমনের সঙ্গে সঙ্গে সবজির খেতগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্য। তবে ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়ার নিশ্চয়তা চান তাঁরা।
চরদসশিকা গ্রামের কৃষক জহুরুল ইসলাম ১০০ শতক জমিতে ফুলকপি ও বাঁধাকপির আবাদ করেছেন। গাছের বেড়ে ওঠা দেখে ভালো ফলনের আশা করছেন তিনি। জহুরুল ইসলাম বলেন, ১০০ শতক জমিতে সবজি আবাদ করতে তাঁর ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হবে। ফলন ভালো হলে এবং বাজারে কাঙ্ক্ষিত দাম পেলে এসব সবজি বিক্রি করে আড়াই থেকে তিন লাখ টাকা আয় হতে পারে।
তবে সম্ভাব্য ভালো ফলনের পাশাপাশি বাজারদর নিয়ে চিন্তিত এই কৃষক। উৎপাদন খরচের তুলনায় সবজির দাম পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে তাঁর।
একই গ্রামের কৃষক ছালামও এবার ভালো ফলনের প্রত্যাশা করছেন। তবে তাঁর দুশ্চিন্তা ন্যায্য দাম পাওয়া নিয়ে। তিনি বলেন, ফলন ভালো হবে বলে আশা করছেন। কিন্তু বাজারে উৎপাদিত সবজির ন্যায্য দাম পাবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। পাশাপাশি সার, তেলসহ অন্যান্য কৃষি উপকরণের দামও বেড়েছে।
চরদসশিকা ছাড়াও কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা এখন শীতকালীন সবজি আবাদ ও পরিচর্যায় ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের সম্ভাবনা দেখছেন তাঁরা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারে প্রত্যাশিত দাম না পেলে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন বলেন, চলতি মৌসুমে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫০ হেক্টর। বুধবার পর্যন্ত ৩৩৪ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। মৌসুম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবাদি জমির পরিমাণ আরও বাড়বে। এবার শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন তাঁরা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।