দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার রঘুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে পূর্বের একটি ঘটনার বিকৃত অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
আজ বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
সাম্প্রতিক সময়ে বিদ্যালয়টির সভাপতি নির্বাচনকে ঘিরে স্থানীয়ভাবে নানা জটিলতা ও বিরোধের সৃষ্টি হয়। বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চেয়েছিল। কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি পদে অন্য এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় তিনি বিদ্যালয়ের বর্তমান সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হামলা চালান। এই ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের হলে সুলতান মাহমুদ গ্রেফতার হন। অভিযোগ রয়েছে, সুলতান মাহমুদ গ্রেফতারের পর মহলটি অসৎ উদ্দেশ্যে পুরনো একটি ঘটনার ভিডিও ও অডিও এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এর মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিন উদ্দীন বলেন, প্রযুক্তির অপব্যবহার করে যারা মিথ্যা, বানোয়াট ও এআই-সৃষ্ট বিকৃত অডিও-ভিডিও ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা বিদ্যালয় ও এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়। অবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ করতে হবে এবং এর সাথে জড়িতদের সাইবার অপরাধ আইনে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
তিনি আরও বলেন, ইতিপূর্বে সুলতান মাহমুদ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থাকাকালীন বিদ্যালয়ের তহবিল থেকে ৩ লাখ টাকা উত্তোলন করেন। যা এখন পর্যন্ত তিনি তা পরিশোধ করেন নি।
বিক্ষোভ সমাবেশ থেকে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যেকোনো বিভ্রান্তিকর ও যাচাইহীন তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।