দিনাজপুর

প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে পাঠানো হিলি কাস্টমসের ১০ হাজারের বেশি পণ্য ফেরত

দিনাজপুর প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের পোশাক ও শীতবস্ত্র জমা দিয়েছে হিলি স্থল কাস্টমস কর্তৃপক্ষ। তবে গুণগত মান যাচাইয়ের সময় নিম্নমানের হওয়ায় উল্লেখযোগ্য পরিমাণ পণ্য গ্রহণ না করে ফেরত দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এসব পণ্য গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

কাস্টমসের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ত্রাণভাণ্ডারে পাঠানোর জন্য নির্ধারিত পণ্যের মধ্যে রয়েছে ১৪ হাজার ২৬৩টি শাড়ি, ৬৬৭টি কম্বল, ২ হাজার ৯২৯টি চাদর ও শাল, ৩ হাজার ১৮৯টি থ্রি-পিস এবং ২২টি টু-পিস। এসব পণ্যের মধ্যে পঞ্চগড় কাস্টমস গুদামে সংরক্ষিত ১৪২টি শাড়িও রয়েছে। সব মিলিয়ে পণ্যগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা।

পণ্য গ্রহণের আগে গুণগত মান যাচাই করা হয়। এ সময় নিম্নমানের হওয়ায় ৬ হাজার ৪১৩টি শাড়ি, ৯১টি কম্বল, ১ হাজার ২৯৩টি চাদর ও শাল এবং ২ হাজার ২৬৫টি থ্রি-পিস ফেরত দেওয়া হয়। ফেরত দেওয়া এসব পণ্য পরবর্তী সময়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের কমিশনার মোহাম্মদ রাসেলুল আলমের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার মোহাম্মদ মহি উদ্দিনের নিয়ন্ত্রণে পণ্য জমা ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে পণ্য জমা দেওয়ার পুরো কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং এতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...