বাংলাদেশ রেলওয়ের কমলাপুর লোকোশেডে বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি দল কমলাপুর লোকোশেডে অভিযান শুরু করে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো), কমলাপুর, ঢাকার অধীন ঢাকা লোকোশেডের স্টোরে বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। কেনাকাটার প্রক্রিয়ায় বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না, সরঞ্জাম সরবরাহে কোনো অনিয়ম হয়েছে কি না এবং পণ্য কেনার বিপরীতে সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন দুদকের কর্মকর্তারা।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম অভিযানগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান এখনো চলমান। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণ উল্লেখ করে কমিশনে প্রতিবেদন জমা দেবেন। ওই প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।