বিশ্ব

ইয়েমেনে ১৩৩ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, নিহত ৩৩

ইয়েমেনের তাইজ প্রদেশে ৭৩ ঘণ্টায় হুথিদের হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে একটি মানবাধিকার সংস্থা। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর ১৩৩টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে আবাসিক এলাকায় ২১৬টি প্রজেক্টাইল নিক্ষেপের ঘটনাও রয়েছে।

শুক্রবার আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে হামলার জন্য হুথিদের দায়ী করেছে সংস্থাটি। ওই হামলায় প্রায় ৩০ জন নিহত, ৪৫ জন আহত এবং ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে বাজারে হামলার দায় নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। হুথিরা এ হামলার জন্য সৌদি আরবের বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার জন্য হুথিদের অভিযুক্ত করেছে। দুই পক্ষের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, একই সময়ে ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে, ১২টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বেশ কয়েকটি বেসামরিক যানবাহন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়েছে, তাইজে চলমান গোলাবর্ষণ, চলাচলের ওপর বিধিনিষেধ এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাগুলোর স্বাধীন তদন্তেরও দাবি জানিয়েছে তারা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...