রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের বাম পাশে ফুলগাছের ভেতরে গ্রেনেড দুটি পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা এএসআই পলাশকে জানান। এএসআই পলাশ তাৎক্ষণিকভাবে বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা নেন। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়।
পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও গ্রেনেড দুটি সেখানে কখন বা কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেনেড দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
তিনি বলেন, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।