দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের অপসারণের আদেশ প্রত্যাহার করে তাঁকে চাকরিতে পুনর্বহাল করেছে সংস্থাটি। একই সঙ্গে বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ সব প্রাপ্য সুবিধা পাবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২০২১ সালের জুনে পটুয়াখালীতে বদলির আগে দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। সেখানে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। এ কাজের জেরে প্রাণনাশের হুমকি পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শরীফ। এর কয়েক দিন পর, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধি প্রয়োগ করে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়।
তাঁর চাকরিচ্যুতির ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধনের ঘটনাও ঘটে।
কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণের ক্ষমতাসংক্রান্ত ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। পরে বিধিটির বৈধতা নিয়ে আপিল বিভাগের রায়ের পর ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত জানান, ৫৪(২) বিধি প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং ১২ দফা নির্দেশনা অনুসরণ করতে হবে।
এরপর শরীফ উদ্দিনের রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট তাঁকে চাকরিচ্যুত করার আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত লিভ টু আপিলটি ‘নট টু প্রসিড’ বা আর এগোবে না মর্মে খারিজ করেন। এর মধ্য দিয়ে শরীফ উদ্দিনের চাকরিতে ফিরে আসার আইনি বাধা দূর হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।