চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় এ বছরের অক্টোবরে দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কার মধ্যে মঙ্গলবার প্রকাশিত চীনের সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীন অক্টোবরে ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে। দৈনিক হিসাবে এর পরিমাণ ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল। চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে তুলনায় অক্টোবরে দেশটির দৈনিক তেল আমদানি বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ।
অক্টোবরে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি ও জ্বালানি তেলসহ বিভিন্ন পরিশোধিত তেলজাত পণ্যের রপ্তানি কমেছে। এ মাসে চীন মোট ৫১ লাখ ৮০ হাজার টন এসব পণ্য রপ্তানি করেছে। সেপ্টেম্বরে রপ্তানির পরিমাণ ছিল ৭১ লাখ ৬০ হাজার টন। তবে গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের একই মাসে রপ্তানি ১৪ দশমিক ৬ শতাংশ বেশি ছিল।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের পরিশোধিত তেলজাত পণ্যের মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় তা ২ শতাংশ কম।
অন্যদিকে, অক্টোবরে চীনের তেলজাত পণ্যের আমদানি বেড়েছে। এ মাসে দেশটি ৩১ লাখ ৫০ হাজার টন এসব পণ্য আমদানি করেছে। সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার টন।
তবে চলতি বছরের প্রথম ১০ মাসে এসব পণ্যের মোট আমদানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার টন তেলজাত পণ্য আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার টন।
এদিকে অক্টোবরে চীনের প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস মিলিয়ে এ মাসে দেশটি ১ কোটি ১ লাখ ১০ হাজার টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে।
তবে বছরের প্রথম ১০ মাসের হিসাবে গ্যাস আমদানি কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীন মোট ৯ কোটি ৯২ লাখ ২০ হাজার মেট্রিক টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।