পরিচালনাকারী প্রতিষ্ঠানের অর্থসংকট ও জ্বালানির ব্যয় বেড়ে যাওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে গেছে বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘ওডিসি’র বিশ্বভ্রমণ। সাড়ে তিন বছরে ১৫০টি দেশ ঘুরে দেখার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা জাহাজটি শেষ পর্যন্ত সিঙ্গাপুর বন্দরে জব্দ হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিলা ভি রেসিডেন্সেস’-এর মালিকানাধীন জাহাজটি ২০২৪ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে যাত্রীদের স্থায়ীভাবে বসবাসের পাশাপাশি মাসিক ভাড়ায় থাকার ব্যবস্থাও ছিল। তবে শুরু থেকেই নানা যান্ত্রিক সমস্যা, আইনি জটিলতা ও আর্থিক সংকটে পড়তে হয় এই আয়োজনের উদ্যোক্তাদের।
একপর্যায়ে খাবার সরবরাহকারীর বকেয়া বিল পরিশোধ করতে না পারায় জাহাজের নাবিকদের স্থানীয় দোকান থেকে খাবার কিনতে হয়েছিল। এতে পরিচালনাকারী প্রতিষ্ঠানের আর্থিক সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে।
সাম্প্রতিক যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জাহাজটির পরিচালন ব্যয়ও অনেক বেড়ে যায়। প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ আগে ১ হাজার ৮০০ ডলার থাকলেও তা বেড়ে ৮ হাজার ডলারে পৌঁছায়। এই ব্যয় সামাল দিতে না পেরে গত মাসে কম্বোডিয়ায় অবস্থানকালে প্রতিষ্ঠানটি হঠাৎ কার্যক্রম স্থগিত করে। ফলে জাহাজে থাকা প্রায় ২০০ যাত্রীকে মাঝপথেই নেমে যেতে হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কম্বোডিয়ায় আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে তারা কাজ করছে।
এরপর চলতি মাসের শুরুতে জাহাজটি সিঙ্গাপুরে পৌঁছালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ সেটি জব্দ করে। সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জাহাজে কোনো যাত্রী নেই। তবে এর ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন।
১৫০টি দেশ ভ্রমণের স্বপ্ন নিয়ে শুরু হওয়া বিলাসবহুল এই সমুদ্রযাত্রা শেষ পর্যন্ত যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঋণদাতাদের আইনি পদক্ষেপ এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের আর্থিক অনিশ্চয়তার কারণে জাহাজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে মাঝপথে যাত্রা শেষ করতে বাধ্য হওয়া যাত্রীদের ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।