দিনাজপুরের খানসামা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন বিরোধপূর্ণ সরকারি জমিতে প্রশাসনের স্থাপন করা লাল পতাকা তুলে ফেলে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রকল্পের বাসিন্দারা। তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, খানসামা উপজেলার ডাঙ্গারহাট এলাকার পাকেরহাট আশ্রয়ণ প্রকল্পে ৫৫টি পরিবার বসবাস করে। প্রকল্পের পাশে থাকা সরকারি খাসজমির একটি ফাঁকা অংশ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ছেলেমেয়েরা খেলাধুলার জন্য ব্যবহার করে। এ ছাড়া বাসিন্দাদের পরিবারের বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও জায়গাটি কাজে লাগে।
অভিযোগ অনুযায়ী, ওই সরকারি জমির ওপর নজর পড়ে স্থানীয় কিছু ভূমিদস্যুদের। তাঁরা সরকারি খাসখতিয়ানভুক্ত জমিতে বাড়ি নির্মাণের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রকল্পের বাসিন্দারা।
এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পক্ষে আ. রশিদ, পিতা মৃত খরুল্লাহ, খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিরোধপূর্ণ স্থানে গিয়ে সরকারি জমি চিহ্নিত করে লাল পতাকা স্থাপন করেন।
তবে অভিযোগকারীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা স্থাপনের অল্প সময়ের মধ্যেই তা তুলে ফেলা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সরকারি জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রকল্পের বাসিন্দারা বলছেন, জমিটি তাঁদের সন্তানদের খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। এ নিয়ে বিরোধ অব্যাহত থাকায় তাঁরা অনিশ্চয়তা ও হতাশায় ভুগছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।