তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) সকালে সভা স্থগিতের ঘোষণা দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ড।
বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে রাজধানীর বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে তৃতীয় সভা হওয়ার কথা ছিল। ওই বৈঠকে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। তবে সেদিন মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চান। পরে বোর্ড তাদের চার কার্যদিবস সময় বেঁধে দেয়।
২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।