আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।
তিনি আরও জানান, প্রথম ধাপের ভোটগ্রহণের অন্তত ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বরের আগে নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।