জাতীয়

জমির দাম নির্ধারণে স্থানীয় বাজার ও সাম্প্রতিক কেনাবেচার তথ্য বাধ্যতামূলক

জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। সংশোধিত বিধান অনুযায়ী, এখন থেকে জমির মূল্য নির্ধারণে শুধু সর্বনিম্ন মূল্য নয়, বরং স্থানীয় বাজার পরিস্থিতি, জমির অবস্থান, ব্যবহার, অবকাঠামোগত সুবিধা এবং সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্য বিবেচনায় নেওয়া হবে। এ জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক বাজারমূল্য নির্ধারণ কমিটি গঠন করা হবে। নির্ধারিত বাজারমূল্যের তালিকা কার্যকর থাকবে তিন বছর।

‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নিবন্ধন অধিদপ্তর। ১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের ৬৯ ধারার উপধারা (১)-এর দফা (কে)-তে দেওয়া ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এই সংশোধনী আনা হয়েছে।

সংশোধনের মাধ্যমে বিধিমালার নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘বাজার মূল্য’ বলতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য বোঝানো হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, সিটি করপোরেশন এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য দায়িত্ব পালন করবে জেলা কমিটি। এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি।

বিভাগীয় কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার। এ কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আয়কর বিভাগের প্রতিনিধি এবং প্রযোজ্য ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। জেলা রেজিস্ট্রার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

জেলা কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারসহ নির্ধারিত কর্মকর্তারা সদস্য থাকবেন। এ কমিটিরও সদস্য-সচিব হবেন জেলা রেজিস্ট্রার।

অন্যদিকে উপজেলা কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমিটির সদস্য হবেন। উপজেলা সাব-রেজিস্ট্রার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

সংশোধিত বিধিমালায় বাজারমূল্যের তালিকার মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে। কোনো এলাকার বাজারমূল্যের মেয়াদ যে পঞ্জিকাবর্ষে শেষ হবে, ওই বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে নতুন বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুত করতে হবে। এরপর তালিকার একটি অনুলিপি ১৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠাতে হবে।

জমির বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য এবং বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য বিবেচনা করতে হবে। পাশাপাশি স্থানীয় বাজারমূল্য অনুসন্ধান, গণশুনানিতে পাওয়া তথ্য, আগে নিবন্ধিত দলিলের মূল্য এবং সাম্প্রতিক জমি কেনাবেচার তথ্যও পর্যালোচনা করতে হবে।

বিধিমালায় বলা হয়েছে, কোনো একটি বিষয়কে এককভাবে বিবেচনা করে জমির বাজারমূল্য নির্ধারণ করা যাবে না। সংগৃহীত সব তথ্য-উপাত্ত যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে মূল্য নির্ধারণ করতে হবে। কোনো মৌজায় জমির অবস্থান ও বৈশিষ্ট্য অনুযায়ী বাজারমূল্যে পার্থক্য থাকলে একাধিক ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক মূল্য নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

কমিটিগুলোর কাছ থেকে বাজারমূল্যের তালিকা পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে নিবন্ধন মহাপরিদর্শক তা পর্যালোচনা করে চূড়ান্ত তালিকা অনুমোদন ও আদেশ জারি করবেন। চূড়ান্ত তালিকার অনুলিপি নিবন্ধন অধিদপ্তর, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে তালিকা সংরক্ষণের পাশাপাশি নির্ধারিত কার্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে তা জানতে পারেন।

আদালতের ডিক্রির মাধ্যমে সম্পাদিত দলিলের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে। চুক্তি প্রবলের মামলায় আদালতের ডিক্রিজারি কার্যক্রমের আওতায় আদালত কর্তৃক সম্পাদিত দলিল দলিলে উল্লেখিত মূল্যেই নিবন্ধন করতে হবে।

বায়নাপত্রের ক্ষেত্রেও পৃথক নিয়ম নির্ধারণ করা হয়েছে। বায়নাপত্রে উল্লেখিত সম্পত্তির মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল সম্পাদনের সময় কার্যকর বাজারমূল্যের ভিত্তিতে নিবন্ধন করতে হবে। আর বায়নাপত্রে উল্লেখিত মূল্য বাজারমূল্যের চেয়ে বেশি হলে বায়নাপত্রে প্রদর্শিত মূল্যেই বিক্রয় দলিল নিবন্ধন করতে হবে।

নতুন বিধিমালায় জমির বাজারমূল্য নির্ধারণে স্থানীয় বাস্তবতা, সাম্প্রতিক কেনাবেচা ও অবকাঠামোগত সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বাস্তবভিত্তিক মূল্যায়নের সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...