বিনোদন

ডাবলিনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বিশেষ পুরস্কার

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও সাফল্য অর্জন করেছে বাংলাদেশের সিনেমা। আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য সেরা পরিচালনার ক্ষেত্রে বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ এই নির্মাতা।

গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় উৎসবটির ১৪তম আসর। ১৫ নভেম্বর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘সাঁকোটা দুলছে’। সেখানেই পরিচালনার স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার অর্জন করে ছবিটি।

সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এতে তুলে ধরা হয়েছে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং নানা সামাজিক বিধিনিষেধের চিত্র। প্রতিকূল বাস্তবতার মধ্যে নারীদের নিজস্ব পরিচয় ও স্বাধীনতার আকাঙ্ক্ষাই সিনেমাটির মূল উপজীব্য।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। সিনেমাটির প্রযোজক মনোজ প্রামাণিক এবং সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে। এতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।

এর আগে চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর পোল্যান্ড, মিসরসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এটি।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে একের পর এক স্বীকৃতি পাচ্ছে ‘সাঁকোটা দুলছে’। আয়ারল্যান্ডের এই পুরস্কারসহ এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্রটি তিনটি পুরস্কার অর্জন করেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...