বিনোদন

গ্র্যামিতে ১১ মনোনয়ন নিয়ে শীর্ষে রায়ে, মরণোত্তর মনোনয়ন ডলি পার্টনের

২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ব্রিটিশ গায়িকা রায়ে। সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। অন্যদিকে মৃত্যুর তিন মাস পরও তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছেন কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী ডলি পার্টন। এ ছাড়া মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন টেলর সুইফট, ব্রুনো মার্স, আরিয়ানা গ্র্যান্ডে, রোজালিয়া, অলিভিয়া ডিন ও অলিভিয়া রদ্রিগোর মতো জনপ্রিয় শিল্পীরা।

রায়ে তাঁর সাম্প্রতিক অ্যালবাম ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ এবং অ্যালবামটির প্রধান গান ‘হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!’-এর জন্য মনোনয়ন পেয়েছেন। গানটি বর্ষসেরা গান ও বর্ষসেরা রেকর্ড—দুই বিভাগেই মনোনীত হয়েছে।

ডলি পার্টনের দুটি মনোনয়ন এসেছে সেরা কান্ট্রি ডুয়ো বা গ্রুপ পারফরম্যান্স বিভাগে। এর মধ্যে ‘বাটারফ্লাই’ গানটিতে তাঁর সঙ্গে কাজ করেছে জ্যাক ব্রাউন ব্যান্ড। অন্য গানটি ‘লাইট অব আ ক্লিয়ার ব্লু মর্নিং’, যেখানে ডলির সঙ্গে রয়েছেন তাঁর ধর্মকন্যা মাইলি সাইরাসসহ আরও কয়েকজন শিল্পী। এ ছাড়া নিজের জীবন নিয়ে লেখা ‘স্টার অব দ্য শো: মাই লাইফ অন স্টেজ’ অডিওবুকের বর্ণনার জন্যও মনোনয়ন পেয়েছেন তিনি। গত তিন মাস আগে ৮০ বছর বয়সে মারা যান এই সংগীতশিল্পী।

স্প্যানিশ গায়িকা রোজালিয়া তাঁর প্রশংসিত অ্যালবাম ‘লাক্স’-এর জন্য পেয়েছেন ৯টি মনোনয়ন। সম্প্রতি লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে সাফল্যের পর এবার মূল গ্র্যামির মনোনয়ন তালিকাতেও আলোচনায় রয়েছেন তিনি।

সাতটি মনোনয়ন পেয়েছেন এলা ল্যাংলি। তাঁর জনপ্রিয় গান ‘চুজিন’ টেক্সাস’ বর্ষসেরা গানের বিভাগে মনোনীত হয়েছে। গানটি এ বছর বিলবোর্ডের হট ১০০ তালিকায় সবচেয়ে দীর্ঘ সময় শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড গড়েছে।

এদিকে ২০০৫ সালের অ্যালবাম ‘কনফেশনস অন আ ডান্স ফ্লোর’-এর সিক্যুয়েল ‘কনফেশনস টু’ প্রকাশ করলেও গ্র্যামির বড় চারটি বিভাগে মনোনয়ন পাননি ম্যাডোনা। অ্যালবাম, রেকর্ড ও বর্ষসেরা গানের মতো বিভাগে তাঁর নাম না থাকলেও সেরা ডান্স অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছে অ্যালবামটি।

এবারের গ্র্যামিতে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন বিভাগ। এর মধ্যে রয়েছে সেরা লাতিন গান এবং সেরা এশিয়ান পপ সংগীত পরিবেশনা। সংগীতের আরও বিস্তৃত ধারাকে স্বীকৃতি দেওয়া এবং অনুষ্ঠানকে অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

নিজের ক্যারিয়ারে ১০০তম গ্র্যামি মনোনয়ন পাওয়ার মাইলফলক স্পর্শ করেছেন বিয়ন্সে। ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনীত হয়েছেন তিনি।

২০২৫ সালের ৩১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ আগস্টের মধ্যে প্রকাশিত গান ও অ্যালবাম এবারের মনোনয়নের জন্য বিবেচনা করা হয়েছে। বিজয়ী নির্বাচন করবেন রেকর্ডিং অ্যাকাডেমির প্রায় ১৬ হাজার ভোটাধিকারপ্রাপ্ত সদস্য।

আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস।

সূত্র: বিবিসি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...