রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান।
ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। পরীমনির পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি আশা প্রকাশ করেছেন, এ মামলায় পরীমনি ন্যায়বিচার পাবেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব (বর্তমানে এসআরবি)। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হলেও এর মেয়াদ আগেই শেষ হয়েছিল।
তদন্তে আরও অভিযোগ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। পাশাপাশি তার গাড়ি মাদক বহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি।
পরে ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত মামলাটিতে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।