ভারতশাসিত জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তাইয়েবার কমান্ডার লতিফ ভাট নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ কাশ্মীরের জাঙ্গালপোরা গ্রামের দেবসার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জঙ্গি উপস্থিতির গোয়েন্দা তথ্য পাওয়ার পর জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্যরা যৌথ অভিযান শুরু করেন। তাঁরা এলাকাটি ঘিরে তল্লাশি চালানোর সময় বন্দুকযুদ্ধ শুরু হয়।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ১১ নভেম্বর কুলগামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদের ওপর হামলার ঘটনায় লতিফ ভাট ও উমর নিসার দার জড়িত ছিলেন। ওই হামলায় তিন সিআরপিএফ সদস্য আহত হন। সোমবার লারু বাইপাস এলাকায় পৃথক এক সংঘর্ষে উমর নিসার দার নিহত হন। তবে লতিফ ভাট সেখান থেকে পালিয়ে যান।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেবসার এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। সেখানে অভিযান চালানোর সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে লতিফ ভাট নিহত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের পর ভারতের সিআরপিএফ প্রধান জিপি সিং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করেন। ১১ নভেম্বরের হামলায় আহত তিন সদস্যের ঘটনার প্রসঙ্গেই তাঁর মন্তব্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।