রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নগরীর পৃথক দুটি স্থানে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়। এতে উভয় বাস পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, ভোরে নগরীর অভিজাত এলাকা পর্যটনপাড়ায় পর্যটন মোটেলের বিপরীতে লুবনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি মিনিবাস রাস্তার পাশে দাঁড় করানো ছিল। ভোর ৪টার দিকে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পর মুহূর্তেই বাসটির ভেতরে ও বাইরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়।
দুপুর ২টার দিকে আর কে রোডের আধা মাইল দূরে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পাইকারি মাছের আড়তসংলগ্ন একটি গ্যারেজে রাখা হৃদয় তাসিন পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
লুবনাস ক্যাডেট কোচিংয়ের পরিচালক মাসুদ বলেন, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানাতে পারেননি।
প্রতিষ্ঠানটির পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা ২৮ আসনের বাসটিতে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা ছিল। ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা করছেন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য বাসটি কেনা হয়েছিল। সেটি পুড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
দুটি বাসে কারা আগুন দিয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।