বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। ঘূর্ণিঝড়টি শুক্রবার (২০ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের নারসাপুর ও ওডিশার পুরীর মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ওডিশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রাজ্যটির ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের লক্ষ্য প্রাণহানি শূন্যে নামিয়ে আনা। উপকূলীয়, নিচু ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।
রাজ্যটিতে প্রায় তিন হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৪৪৮টি ইতিমধ্যে চালু করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য ১৫টি জেলায় ২০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে রাজ্য সরকার। গঞ্জাম, গজপতি, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি জেলার ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরানো হচ্ছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও দক্ষিণ ওডিশায় লাল সতর্কতা জারি করেছে। ওডিশার উপকূলীয় এলাকায় বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার হতে পারে। রাজ্যের মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, কালাহান্ডি, গজপতি, গঞ্জাম, কন্ধমাল, বৌধ, পুরী, নয়াগড় ও খুরদা জেলায় অতি ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া ও কন্ধমাল জেলায় বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে সরকারি কর্মীদের। ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা।
উদ্ধার তৎপরতা জোরদার করতে ওডিশার সাতটি জেলায় ১৮টি দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। উপকূলীয় গ্রাম, নদীর তীর, বাঁধ ও বন্যাপ্রবণ এলাকায় পুলিশ সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের কাছে নিয়মিত আবহাওয়ার সতর্কবার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। উপকূলীয় এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারির পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র উত্তাল থাকতে পারে বলে জেলেদের সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যটিতে ১৩১টি দমকল দল ও ৭৪টি বিশেষ উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। সাতটি জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের ১৯ নভেম্বরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির ওপর নজর রাখা হচ্ছে। উপকূলীয় রাজ্যগুলোর প্রশাসনকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় উদ্ধার ও ত্রাণ প্রস্তুতি সম্পন্ন রাখতে বলা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।