রংপুর ব্যুরো:রংপুরে অর্থনৈতিক শুমারি, ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। রংপুর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় এই সেমিনার আয়োজন করে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, পরিসংখ্যান পরিকল্পনার পূর্বশর্ত। আর একটি দেশের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনায় সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। তিনি বলেন, একটি পরিসংখ্যান বিভিন্ন গবেষণা কাজেও ব্যবহৃত হয়।
জেলা প্রশাসক অর্থনৈতিক পরিসংখ্যান প্রসঙ্গে বলেন, দেশের সামগ্রিক এবং অঞ্চলগত উন্নয়নের চিত্র অর্থনৈতিক পরিসংখ্যানের মাধ্যমে পাওয়া যায়। এজন্য তিনি অর্থনৈতিক পরিসংখ্যানসহ যেকোনা বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য পরিসংখ্যান তৈরিতে সঠিক তথ্য সংগ্রহ ও তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথির বক্তৃতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন পরিসংখ্যানের কৌশলগত ও পদ্ধতিগত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ইন্ডাস্ট্রি অ্যান্ড লেবার উইংয়ের পরিচালক এইচ.এম. ফিরোজ।
অর্থনৈতিক শুমারি, ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে অনুষ্ঠানে তথ্যচিত্র উপস্থাপন করেন রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) রাজিব ঘোষ। সেমিনারে সরকারি কর্মকর্তা, গবেষক, বেসরকারি সংগঠন ও ব্যাবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।