বীরগঞ্জ প্রতিনিধি: ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিতাস জাপানের অর্থায়নে কারিতাস দিনাজপুর অঞ্চলের সংলাপ প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৬০ জন কিশোরীসহ অভিভাবক, সংলাপ সাপোর্ট টিমের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত এবং সুস্থ-স্বাভাবিকভাবে বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ তৈরি করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার এবং খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু নির্যাতন ও অন্যান্য অধিকারবঞ্চনার ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে তাদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নিজাম আলী এবং চৌধুরীহাট কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোছা. মমতাজ শারমিন।
কারিতাস সংলাপ প্রকল্পের ফোকাল পারসন মি. বেঞ্জামিন সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আজিনা মার্ডি। এ সময় ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি মার্ডিসহ সংলাপ সাপোর্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে শিশুদের পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে উৎসাহিত করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।