কুড়িগ্রামের উলিপুরে মৃত এক নারীর নামে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ব্যবহার করে সাড়ে তিন বছর ধরে চাল উত্তোলনের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন আম্বিয়া বেগম নামে এক নারী।
অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. বাবলু মিয়া। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
আম্বিয়া বেগমের অভিযোগ, তিনি দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী। তাঁর শাশুড়ি আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড রয়েছে, যার নম্বর ১৬৯। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়।
পরে কার্ডের নাম পরিবর্তন করে তাঁর স্বামী অথবা নিজের নামে করে দেওয়ার কথা বলে ইউপি সদস্য বাবলু মিয়া জাতীয় পরিচয়পত্র, ছবি ও খাদ্যবান্ধব কর্মসূচির মূল কার্ডটি নিয়ে নেন বলে অভিযোগ করেন আম্বিয়া বেগম। তবে এরপর আর কার্ডটি করে দেওয়া হয়নি।
আম্বিয়া বেগম জানান, কয়েক দিন আগে খাদ্য অফিসে গিয়ে জানতে পারেন, তাঁর শাশুড়ির নামে থাকা কার্ডটি এখনো চালু রয়েছে। পরে চাল বিতরণের ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই কার্ডের বিপরীতে ইউপি সদস্য বাবলু মিয়া চাল উত্তোলন করছেন। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন তিনি।
আম্বিয়া বেগম বলেন, শাশুড়ি মারা যাওয়ার পর তিনি দুইবার চাল পেয়েছিলেন। পরে ইউপি সদস্য কার্ডটি বাতিল হয়ে গেছে জানিয়ে নতুন কার্ড করে দেওয়ার কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র ও মূল কার্ড নিয়ে যান। কিন্তু আর কার্ড করে দেননি। সাড়ে তিন বছর পর খাদ্য অফিসে গিয়ে জানতে পারেন, শাশুড়ির নামে থাকা কার্ডটি এখনো চালু রয়েছে। তিনি অভিযুক্ত ইউপি সদস্যের শাস্তি ও বঞ্চিত চালের ক্ষতিপূরণ দাবি করেছেন।
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. শফিকুল ইসলাম বলেন, তিনি এক বছর ধরে চালের ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময়ে ইউপি সদস্য তাঁর কাছ থেকে ওই কার্ড নিয়ে এসে চাল উত্তোলন করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য বাবলু মিয়া। তিনি বলেন, আমেনা বেগম ও আম্বিয়া বেগমকে তিনি চেনেন না। আম্বিয়া তাঁকে কোনো কাগজপত্রও দেননি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় একটি মহল তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। তাঁর বিরুদ্ধে অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ বলেন, তিনি এখনো অভিযোগপত্র হাতে পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীকে তাঁর কাছে যেতে বলা হয়েছে।
সরকারি খাদ্যসহায়তা নিয়ে ওঠা এ অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।