একসময় তিস্তার ভাঙনে ১০ বিঘারও বেশি আবাদি জমি হারিয়েছেন ৬০ বছর বয়সী কৃষক সেকেন্দার আলী। নদী কেড়ে নিয়েছে তাঁর বসতভিটাও। সমতলে এখন নিজের কোনো জমি নেই। তবু কৃষিকাজের প্রতি টান ছাড়তে পারেননি তিনি। জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে আবারও শুরু করেছেন চাষাবাদ। এবার পাঁচ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। সেই খেতজুড়ে এখন দুলছে সোনালি ধানের শীষ।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দে সেকেন্দার আলীর খেতের প্রায় সব ধান পেকে গেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আশা করছেন, প্রতি বিঘায় ২৩ থেকে ২৪ মণ ধান পাবেন। ভালো ফলন দেখে নদীভাঙনে জমি হারানোর পুরোনো কষ্ট কিছুটা হলেও ভুলতে পারছেন তিনি।
সেকেন্দার আলী বলেন, প্রতিবছর ধান পাকার সময় বন্যা, অতিবৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকে। এতে চরের ফসল ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় প্রত্যাশা অনুযায়ী ধান ঘরে তোলা যায় না। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। খেতের দিকে তাকালে মন ভরে যায়। কোনো দুর্যোগ না হলে এবার ভালোভাবেই ধান ঘরে তুলতে পারবেন বলে আশা তাঁর।
শুধু সেকেন্দার আলী নন, তিস্তার বুকে জেগে ওঠা চরজুড়ে এখন আমন ধান কাটার ব্যস্ততা। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াইয়ের প্রস্তুতি। আবার কোথাও কৃষকেরা সোনালি ধান ঘরে তোলার অপেক্ষায় রয়েছেন। নদীর স্রোত ও ভাঙনের মধ্যেও এসব চরে নতুন করে জীবিকার স্বপ্ন বুনছেন তাঁরা।
একই চরের কৃষক জয়নাল আবেদীন (৫৮) চার বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। এর মধ্যে দুই বিঘার ধান কেটে বাড়িতে তুলেছেন। বাকি দুই বিঘার ধান আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে কাটবেন। ভালো ফলন পেয়ে সন্তুষ্ট তিনিও।
জয়নাল আবেদীন বলেন, গত বছরের তুলনায় এবার চরে আমনের আবাদ বেড়েছে। চার-পাঁচ দিন ধরে বিভিন্ন চরে ধান কাটা শুরু হয়েছে। চলতি নভেম্বরের মধ্যেই অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে। এরপর এসব জমিতে আলু, পেঁয়াজ, কুমড়া, আদা ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ করা হবে।
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর চরের কৃষক অনিল চন্দ্র বর্মণ (৬৫) এবার আট বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। রোববার থেকে তাঁর খেতের ধান কাটা শুরু হয়েছে। গত বছর প্রতি বিঘায় ১৯ মণ ধান পেয়েছিলেন। এবার ফলন বেড়ে ২৪ মণ হতে পারে বলে আশা করছেন তিনি।
অনিল চন্দ্র জানান, সমতলের তুলনায় চরের জমিতে ধান চাষে প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা কম খরচ হয়। তবে বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ গত বছরের চেয়ে বেশি হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বুড়িরহাটের কৃষক যতীন চন্দ্র সরকার (৭০) ২৫ বিঘা আবাদি জমির মালিক। নদীর ভাঙাগড়ার কারণে তাঁর সব জমিই এখন তিস্তার বুকে জেগে ওঠা চরে। গত বছর পাঁচ বিঘা জমিতে আমন চাষ করলেও এবার করেছেন আট বিঘায়। তাঁর খেতের প্রায় সব ধানই পেকে গেছে। ভালো ফলনে আনন্দিত হলেও ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।
যতীন চন্দ্র সরকার বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন খুব ভালো হয়েছে। চারদিকে পাকা ধান দেখে মন ভরে যাচ্ছে। তবে ধানের ন্যায্যমূল্য না পেলে উৎপাদন খরচ তুলে লাভবান হওয়া কঠিন হবে।
একই এলাকার কৃষক আক্তার হোসেন (৬০) এবার সাত বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। গত বছর করেছিলেন মাত্র তিন বিঘায়। তাঁর দাবি, গত বছরের তুলনায় এবার তিস্তার চরে প্রায় দ্বিগুণ জমিতে আমন ধানের চাষ হয়েছে। কেউ ধান কেটে বাড়িতে তুলছেন, কেউ কাটছেন, আবার অনেকে ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। বৈরী আবহাওয়া না থাকায় ফলন ভালো হয়েছে। খেতভরা সোনালি ধান দেখে কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
কৃষকদের এই আগ্রহের প্রতিফলন দেখা গেছে আবাদ বৃদ্ধির পরিসংখ্যানেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার তিস্তা নদীর চরাঞ্চলে এবার প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর এ পরিমাণ ছিল প্রায় ১৯ হাজার হেক্টর। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পাঁচ জেলার চরাঞ্চলে আমনের আবাদ বেড়েছে পাঁচ হাজার হেক্টর।
চরাঞ্চলে প্রতি বিঘায় গড়ে ২২ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অনুকূল আবহাওয়ার কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।
রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, এবার তেমন বন্যা না হওয়ায় তিস্তার বুকে জেগে ওঠা অধিকাংশ চরে আমন ধানের আবাদ করা সম্ভব হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। চরাঞ্চলের কৃষকেরা এবার ভালো ফলন পেয়েছেন। তিস্তার বিস্তীর্ণ চরজুড়ে সোনালি ধান দেখে তাঁদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।
নদীভাঙনে জমি হারানো সেকেন্দার আলী থেকে শুরু করে আট বিঘার চাষি অনিল চন্দ্র কিংবা ২৫ বিঘা জমির মালিক যতীন চন্দ্র—সবার জীবনেই রয়েছে টিকে থাকার লড়াই। তিস্তা একদিকে তাঁদের জমি কেড়ে নিয়েছে, অন্যদিকে জেগে ওঠা চরে নতুন করে চাষাবাদের সুযোগও তৈরি করেছে। তাই চরাঞ্চলের কৃষকদের কাছে সোনালি ধান শুধু ভালো ফলনের প্রতীক নয়, নদীর সঙ্গে লড়াই করে নতুন করে বাঁচার আশাও।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।