জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার নশিরপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীর ও গলায় রশি প্যাঁচানো ছিল।
নিহত রাব্বি হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরবাজার মহল্লার খলিল প্রামাণিক ওরফে সাদ্দামের ছেলে। সে পেশায় অটোভ্যানচালক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার জামুর বাজার এলাকা থেকে নিখোঁজ হয় রাব্বি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ২০ নভেম্বর শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। শনিবার সকালে কৃষকেরা মাঠে গিয়ে স্থানীয় কৃষক মামুনের ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।