রাজশাহী

রাবি ক্যাম্পাস খেবে নিখোঁজের ২ দিন পর নাটোরে ধানক্ষেত থেকে শিক্ষার্থী উদ্ধার , বাড়ি রানীশংকৈলে

নিখোঁজের দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে নাটোরের বড়াইগ্রাম থেকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার শিবপুর এলাকার একটি ধানক্ষেত থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম রিদয় আলী (২১)। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জওগাঁ গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে থাকতেন তিনি।

রিদয়ের সহপাঠীরা জানান, গত বৃহস্পতিবার সকালে একটি ব্যাগ নিয়ে ক্যাম্পাস থেকে বের হন তিনি। এরপর তাঁর মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে তাঁর মা-বাবা, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়েরা উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রায় ১২ ঘণ্টা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে রাজশাহীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শিবপুরের স্থানীয় কৃষক মোসলেম জানান, শনিবার সকালে ধানক্ষেতে পিঠে ব্যাগসহ এক তরুণকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। পরে আশপাশের লোকজনকে খবর দেন। পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠায়।

পুলিশ প্রথমে তাঁকে বনপাড়া আমিনা বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সারা রাত বৃষ্টি ও ঠান্ডার মধ্যে কাদামাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকায় তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীকে উদ্ধারের পর মতিহার থানাকে বিষয়টি জানানো হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বড়াইগ্রামের হাসপাতালে যান। শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘রিদয় আলীর ঘটনা জানতে পেরে আমি এখানে এসেছি। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। সে সুস্থ হলে জানা যাবে কীভাবে সে এখানে এলো, কেন এমন ঘটল এবং এর পেছনে কী কী কারণ রয়েছে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...