পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় দুই হাজার কিলোমিটার রেলপথে ১ হাজার ৮০০টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ৪৮৭টি অবৈধ। অন্যদিকে, বৈধ ১ হাজার ৩০১টি ক্রসিংয়ের ৭২৭টিতেও নেই গেটম্যান বা নিরাপত্তাকর্মী। ফলে গেট ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই এসব ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকেরা। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
রেলওয়ের হিসাবে, পশ্চিমাঞ্চলের ১ হাজার ৮০০টি লেভেল ক্রসিংয়ের মধ্যে মাত্র ৫৭৪টিতে গেটম্যান রয়েছেন। অর্থাৎ, প্রায় দুই-তৃতীয়াংশ ক্রসিংয়ে গেটম্যান নেই। বৈধ ক্রসিংগুলোরও অর্ধেকের বেশি নিরাপত্তাকর্মী ছাড়াই পরিচালিত হচ্ছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, গত বছর পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন লেভেল ক্রসিংয়ে ৯টি দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের প্রথম আট মাসেই দুর্ঘটনার সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে। অনেক ক্রসিংয়ে গেট ও সতর্কসংকেত না থাকায় ট্রেন আসার শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা নিজেরাই যানবাহন থামানোর চেষ্টা করেন।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলোর বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রাজশাহী নগরীর বুধপাড়ার বাসিন্দা রাজু ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের পর নতুন বুধপাড়া, বুধপাড়া গণির মোড় ও মোহনপুর রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। এর মধ্যে বুধপাড়া গণির মোড়ের ক্রসিংটি অবৈধ, অন্যগুলো বৈধ। কিন্তু বৈধ ক্রসিংগুলোতেও গেট নেই।
রাজু ইসলাম জানান, রেলওয়ের কর্মীদের কাছ থেকে তিনি জেনেছেন, যে ক্রসিংয়ে চেক রেল বা ডাবল লাইন রয়েছে, সেটি অনুমোদিত। সেই হিসাবে বুধপাড়া গণির মোড়ের ক্রসিংটি ছাড়া অন্যগুলো বৈধ। কিন্তু সেগুলোতেও নিরাপত্তার ব্যবস্থা নেই। রেললাইন পার হওয়ার সময় সবসময় ভয় কাজ করে। অনেক সময় ট্রেন আসার বিষয়টি বোঝা যায় না। গেট ও সতর্কসংকেত না থাকায় দুর্ঘটনার আশঙ্কা থাকে।
জানা গেছে, সবচেয়ে বেশি অবৈধ লেভেল ক্রসিং নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশন ও বিভিন্ন পৌরসভাও রেললাইন অতিক্রম করে ক্রসিং তৈরি করেছে। কোথাও কোথাও ১০০ গজের মধ্যেই একাধিক ক্রসিং রয়েছে।
রাজশাহী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে রেললাইন অতিক্রম করে সড়ক নির্মাণ ও উন্নয়ন করতে হয়। নিয়ম অনুযায়ী, এ ধরনের কাজের আগে রেলওয়েকে চিঠি দেওয়া হয় এবং প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৪৮৭টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। বিভিন্ন সংস্থা এসব ক্রসিং নির্মাণ করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে এজাহারসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে পুরোনো মাটির রাস্তা পাকা করা হলেও রেলওয়ের অনুমতি নেওয়া হয়নি। রেলওয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হলে দুর্ঘটনার হার আরও কমানো সম্ভব হতো।
নিরাপদ সড়ক চাই, রাজশাহীর সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, লেভেল ক্রসিংয়ের নিরাপত্তায় শুধু গেটম্যানের ওপর নির্ভর করলে হবে না। আধুনিক সংকেতব্যবস্থা, পর্যাপ্ত আলো ও ডিজিটাল প্রযুক্তি চালু করতে হবে। ট্রেন আসার সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে নেমে যাবে—এমন ব্যারিয়ার স্থাপন করা গেলে দুর্ঘটনা অনেক কমানো সম্ভব।
সূত্রঃ ঢাকাপোষ্ট
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।