নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জন্ম থেকে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী গোলাম সাকওয়াত সম্পদ ও নিলিমা জাহান নিতু। মুখে কথা বলতে বা কানে শুনতে না পারলেও ইশারা ও অনুভূতির ভাষায় একে অপরকে বুঝে নতুন জীবন শুরু করেছেন তাঁরা।
বিয়েকে ঘিরে দুই পরিবারে আনন্দ-উৎসবের আয়োজন করা হয়। স্বজনদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। বর-কনের মধ্যে শব্দের আদান-প্রদান না থাকলেও চোখের ভাষা ও ইশারার মাধ্যমেই প্রকাশ পেয়েছে তাঁদের আবেগ-অনুভূতি।
বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারের নুর হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে গতকাল রাতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জন্ম থেকেই বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী হলেও পরিবারের সহযোগিতা ও ভালোবাসায় বেড়ে উঠেছেন তাঁরা। শারীরিক সীমাবদ্ধতা তাঁদের স্বাভাবিক জীবনযাপন ও সামাজিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
বরের বাবা গোলাম আজম বলেন, দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ের সিদ্ধান্ত হয়েছে। কনেও বাক্প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে কনেকে বাড়িতে নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, তাঁর ছেলে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। তাঁর যতটুকু সম্পদ রয়েছে, তা দিয়ে তাঁদের ভালোভাবে চলার ব্যবস্থা হবে বলে আশা করছেন তিনি।
শব্দের বদলে ইশারা আর অনুভূতির ভাষায় গড়ে ওঠা এই সম্পর্ক দুই পরিবারের কাছে নতুন আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।