গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকরা একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে থাকা আসবাবপত্র বের করে সড়কে আগুন দিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর গাজীপুরা ২৭ বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে কয়েকজন বহিরাগতও যুক্ত হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালান। পরে পুলিশ বক্সের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।