জাতীয়

১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু কাল, কমেছে জিপিএর শর্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে। বুধবার (২৫ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার আবেদন করার ক্ষেত্রে কয়েকটি ইউনিটে জিপিএর শর্ত শিথিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কৃষিগুচ্ছেও কমানো হয়েছে ন্যূনতম জিপিএর শর্ত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের মধ্যে চারটিতে আবেদনের যোগ্যতা হিসেবে প্রয়োজনীয় জিপিএ কমানো হয়েছে। অন্যদিকে কৃষিগুচ্ছে চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকলেই আবেদন করা যাবে। আগে চতুর্থ বিষয় বাদে দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ দশমিক ৫ থাকতে হতো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি ও সমমান এবং ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

‘এ’ ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৭ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ থাকতে হবে। ‘বি’ ও ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৬ এবং পৃথকভাবে ন্যূনতম ২ দশমিক ৭৫ থাকতে হবে।

‘সি’ ইউনিটে মোট জিপিএ ৬ দশমিক ৫ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ থাকতে হবে। আর ‘ই’ ইউনিটে মোট জিপিএ ৫ দশমিক ৫ এবং পৃথকভাবে ন্যূনতম ২ দশমিক ৫ থাকলেই আবেদন করা যাবে।

এবার এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবেন। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত জিপিএর শর্ত পূরণে ব্যর্থ হলে তাঁদের আবেদন বাতিল হবে।

‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটিতে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। ‘ই’ ইউনিটে আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেখানে বিস্তারিত নির্দেশনাও পাওয়া যাবে।

কৃষিগুচ্ছের নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন চলবে ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার এসব বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি।

২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তাঁদের জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে। উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে।

এ ছাড়া ২০২৫ সালে এসএসসি ও সমমানের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ‘ও’ ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

কৃষিগুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি।

কৃষিগুচ্ছে আবেদন ফি ১ হাজার ৬০০ টাকা। আবেদনকারীদের নয়টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে হবে।

আগামী ২ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞানে ১৫ করে এবং পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ২০ করে নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।

কৃষিগুচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...