নওগাঁর বদলগাছীতে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এসব কৃষককে কৃষি উপকরণ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। পর্যায়ক্রমে ১০ জন করে কৃষকের গ্রুপের মাধ্যমে মোট ৪ হাজার ১০০ জনের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. ফজলে হুদা।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বলেন, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে কৃষি উপকরণ কেনাবেচার নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক দরিদ্র কৃষকের জমির পরিমাণ কম হওয়ায় তাঁদের অল্প পরিমাণ সার প্রয়োজন হয়। কিন্তু বাজারে পাঁচ বা ১০ কেজির মতো কম পরিমাণে সার কেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে পাঁচ, ১০ ও ১৫ কেজিসহ বিভিন্ন পরিমাণে সার বিক্রির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও উপকারভোগী কৃষকেরা।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ইউএনও ইশরাত জাহান ছনি। পরে উপস্থিত কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।