রাজশাহী

রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগাতে চান গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লার প্রতিনিধিরা

পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে রাজশাহীতে এসেছেন তিনটি সিটি করপোরেশন ও একটি পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিরা। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তাঁদের অংশগ্রহণে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কর্মশালা।

রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রতিনিধিদের অংশগ্রহণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।

স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তথ্য উপস্থাপন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নগরগুলোকে সুন্দরভাবে সাজানোর নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য সামনে রেখে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে পরিচিত রাখতে নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়। এ জন্য নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জও বাড়ছে। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মত উপায়ে বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

মাহফুজুর রহমান রিটন জানান, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও নগরীর সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলছে। রাজশাহীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নগর ভবনসহ সিটি করপোরেশনের বিভিন্ন ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে বিদ্যুৎ খাতে প্রতি মাসে উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় হবে।

তিনটি সিটি করপোরেশন ও একটি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় সবার জন্য উপকারী হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, জাইকার সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার মাধ্যমে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখার সুযোগ হবে। এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে নিজ নিজ এলাকায় তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা অর্জনই কর্মশালার মূল লক্ষ্য। এক সিটি করপোরেশনের অর্জন ও অভিজ্ঞতা অন্য সিটি করপোরেশনের জন্য অনুকরণীয় হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসকদের দায়িত্ব দেওয়ার পর পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন। সে অনুযায়ী দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ চলছে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তাঁদের যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছেন। জাইকার সহযোগিতায় অভিজ্ঞতা বিনিময়ের এ কর্মসূচিতে অংশ নিতে পেরে তাঁরা আনন্দিত। রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চান।

কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিদের পাশাপাশি এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে। কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা রাজশাহী সিটি করপোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতে সড়ক পরিষ্কারের কার্যক্রমসহ নগরীর বিভিন্ন উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করবেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...