জয়পুরহাটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে মাসের পর মাস ধরে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা। বিনা মূল্যে ওষুধ না পেয়ে সাধারণ মানুষ বাধ্য হয়ে জেলা ও উপজেলা হাসপাতাল কিংবা বেসরকারি ক্লিনিকে যাচ্ছেন। এতে বাড়ছে চিকিৎসার খরচ, পাশাপাশি পোহাতে হচ্ছে ভোগান্তি। দ্রুত ওষুধ সরবরাহ করে কেন্দ্রগুলো সচল করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, জয়পুরহাট জেলায় ২৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসা এসব কেন্দ্র। এখানে বিনা মূল্যে ওষুধ, প্রাথমিক চিকিৎসা, প্রসূতি মায়েদের চিকিৎসা এবং পরিবার পরিকল্পনাসংক্রান্ত সেবা দেওয়া হয়।
প্রতিদিন এসব কেন্দ্রে বহু মানুষ চিকিৎসা নিতে আসেন। তবে দীর্ঘদিন ধরে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় কেন্দ্রগুলোতে রোগীর উপস্থিতি কমে গেছে। কোনো কোনো কেন্দ্রে চার থেকে পাঁচ মাস, আবার কোথাও ছয় থেকে নয় মাস ধরে ওষুধ নেই। ফলে রোগীদের খালি হাতে ফিরতে হচ্ছে। ওষুধ না থাকায় স্বাস্থ্যকর্মীরা অনেক ক্ষেত্রে শুধু পরামর্শ ও ব্যবস্থাপত্র দিয়েই দায়িত্ব পালন করছেন।
এ অবস্থায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বাধ্য হয়ে জেলা ও উপজেলা হাসপাতাল কিংবা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এতে তাঁদের সময় ও অর্থ—দুটিই বেশি ব্যয় হচ্ছে।
সদর উপজেলার কোমরগ্রামের আবু হোসেন ইভান বলেন, তাঁদের কেন্দ্রে পাঁচ মাস ধরে কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। ছোটখাটো অসুস্থতার জন্যও জেলা হাসপাতালে যেতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি টাকা খরচ হচ্ছে। দ্রুত ওষুধ সরবরাহের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
সোটাহার গ্রামের ফাহিমা বেগম বলেন, তাঁর সন্তান অসুস্থ হওয়ায় ওষুধ নিতে কেন্দ্রে এসেছিলেন। আগে ওষুধ নিতে আসা মানুষের ভিড় থাকলেও এখন গিয়ে দেখেন, শুধু চিকিৎসক বসে আছেন। কোনো ওষুধ নেই বলে তাঁকে জানানো হয়েছে। তিনি বলেন, তাঁরা দরিদ্র মানুষ; বিনা মূল্যে ওষুধ পেলে অনেক উপকার হতো।
তেঘর বিশার সোনালী রানা মাহাতো বলেন, মোহাম্মাদাবাদ স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ নিতে এসে সরবরাহ বন্ধ থাকার কথা জানতে পেরেছেন। বর্তমান বাজারে ওষুধের দাম বেশি হওয়ায় তাঁদের মতো দরিদ্র আদিবাসী মানুষের পক্ষে তা কেনা কঠিন। দিনমজুরি করে সংসার চালাতে হয়। স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ পাওয়া গেলে তাঁদের সংসারের খরচ কিছুটা কমত।
মোহাম্মাদাবাদ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল হাকিম বলেন, তাঁর কেন্দ্রে গত নয় মাস ধরে কোনো ওষুধ সরবরাহ করা হয়নি। ওষুধ না থাকায় রোগীর সংখ্যা অনেক কমে গেছে। দু-একজন রোগী এলেও তাঁদের শুধু পরামর্শ বা ব্যবস্থাপত্র দেওয়া হয়। ওষুধ না পেয়ে অনেক রোগী ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের পরিস্থিতি বুঝিয়ে বলতে হয়। দ্রুত ওষুধ সরবরাহ করা হলে প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
বম্বু ইউনিয়নের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিনা পারভীন বলেন, তিনি পাঁচ মাস ধরে কোনো ওষুধ সরবরাহ পাননি। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। মানুষ বারবার কেন্দ্রে এসে ফিরে যাচ্ছেন। আগে তাঁর কেন্দ্রে প্রতি মাসে প্রায় এক হাজার রোগী এলেও এখন ১০০ জনও আসেন না। শুধু পরামর্শ দিয়ে রোগীদের সন্তুষ্ট করা যাচ্ছে না। দ্রুত ওষুধ সরবরাহের জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।
জয়পুরহাট পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ওষুধ না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে পরামর্শ দিচ্ছেন। দ্রুত ওষুধ সরবরাহ পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন। সরবরাহ পেলেই আগের মতো চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।