বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া পরিচালনা এবং একাধিক ভুয়া জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে টনি হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাপূর্ব রাত ১টার দিকে উপজেলার উথরাইল দক্ষিণপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টনি হোসেন ওই এলাকার ফেরদৌস প্রামাণিকের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আদমদীঘি উপজেলার উথরাইল দক্ষিণপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করে টনি হোসেন একাধিক জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার, ওয়েবসাইট ও ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে আইনবহির্ভূত ই-লেনদেন পরিচালনা করছেন।
এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হয়। এতে একাধিক জিমেইল আইডি এবং অনলাইন জুয়ার সাইটে একাধিক অ্যাকাউন্ট সংযুক্ত থাকার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন বলেন, জব্দ করা মোবাইল ফোনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।