নওগাঁর মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক পলাশ কুমার (৩৮)। মাদক ও জুয়া সংশ্লিষ্ট অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় এক সপ্তাহ কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। এরপরও তাকে কর্মস্থলে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, সরকারি চাকরির শৃঙ্খলাবিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়ার পরও পলাশ কুমার কীভাবে নিয়মিত অফিসের কার্যক্রম পরিচালনা করছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করলেও অফিসে তার উপস্থিতি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নিশীত হাওলাদারের বাড়িতে মাদক ও জুয়ার আসর থেকে পলাশ কুমারসহ ১০ জনকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ। পরদিন সকালে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। প্রায় এক সপ্তাহ কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি আবার কর্মস্থলে যাতায়াত শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
আইন বিশ্লেষকদের মতে, সরকারি কর্মচারী হিসেবে পলাশ কুমারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী চাকরিবিধি ও শৃঙ্খলার পরিপন্থী এবং গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হতে পারে। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধিমালার ৪ বিধি অনুযায়ী লঘু বা গুরুদণ্ড দেওয়া যেতে পারে। এর মধ্যে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর কিংবা চাকরি থেকে অপসারণের মতো শাস্তির বিধান রয়েছে। আইন বিশ্লেষকেরা বিধিমালার যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পলাশ কুমার উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন।
নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর কাছে জানতে চাইলে তিনি প্রথমে পলাশ কুমারের অফিস করার বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বলেন, ‘যদি অফিস করে থাকে, তাহলে আমার অনুমতি নিয়েই করেছে।’ চাকরিবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ভুয়া কথা বলছেন। সাময়িক বরখাস্ত আমি করেছি, আমিই তাকে অফিসে বসিয়েছি।’
অন্যদিকে, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক (পিডি) সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কর্মকর্তার সঙ্গে কথা বলব। সাময়িক বরখাস্ত হলে অফিস করার কোনো সুযোগ নেই।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।