কিছু কণ্ঠ সময়ের সীমানা পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। কিছু সুর মিশে যায় মানুষের আবেগ, স্মৃতি আর ভালোবাসায়। বারী সিদ্দিকী ছিলেন তেমনই এক শিল্পী। হাওরের মাটির ঘ্রাণমাখা গান আর বাঁশির মায়াবী সুরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করা এই শিল্পীর প্রয়াণের নয় বছর পূর্ণ হলো আজ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বারী সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী। ‘মানুষ ধরো মানুষ ভজ’, ‘আমার মন্দ স্বভাব’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ও ‘শুয়া চান পাখি’র মতো অসংখ্য হৃদয়স্পর্শী গান দিয়ে বাংলা গানের জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি। তার গানে হাওরের প্রকৃতি, মানুষের জীবন ও বিরহের যে আবহ ফুটে উঠেছে, তা আজও শ্রোতাদের আবেগাপ্লুত করে।
শৈশব থেকেই সংগীতের প্রতি ভালোবাসা
১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। তার বাবা মহরম আলী এবং মা প্রয়াত জহুর-উন-নিসা। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। পরে জেলা সদরের কারলিতে গড়ে তোলেন ‘বাউল বাড়ি’।
শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর টান ছিল বারীর। বয়স যখন তিন-চার বছর, তখন মায়ের কণ্ঠে ‘শাশুড়িরেও কইয়ো গিয়া’ গানটি শুনে মুগ্ধ হন। পরিবারে প্রাতিষ্ঠানিক সংগীতচর্চার পরিবেশ না থাকলেও সৌখিনভাবে গানবাজনার চর্চা ছিল। পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের বাঁশিতে ফুঁ দিতে গিয়ে এই বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ জন্মে তার।
বড় ভাইদের অনুকরণে বাঁশি বাজানোর চেষ্টা করতেন ছোটবেলায়। বাঁশি ও গান শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন মা। নেত্রকোনায় তখন বাঁশি শেখার তেমন সুযোগ ছিল না। সাত-আট বছর বয়সে মায়ের কাছেই গান শেখা শুরু করেন তিনি।
মায়ের কাছ থেকে শেখা একটি গানের সুর পরবর্তী সময়ে বিশেষ জায়গা করে নেয় তার সংগীতজীবনে। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে সেই সুর ব্যবহার করা হয়। গানটির কথায় ছিল—‘আস্ট আঙ্গুল বাঁশের বাঁশি/ মধ্যে মধ্যে ছ্যাদা/ নাম ধরিয়া ডাকে বাঁশি/ কলংকিনী রাধা’।
হাইস্কুলে পড়ার সময় জেলা শিল্পকলা একাডেমিতে সংগীতের তালিম নেওয়া শুরু করেন বারী। তার ওস্তাদ ছিলেন শ্রী গোপাল দত্ত। বড় দুই ভাইয়ের পাশাপাশি রফিক মাহমুদ, বিপুল চৌধুরী, দুলাল দত্তনবীশ ও হযরত আলীর কাছ থেকেও সংগীতচর্চায় সহযোগিতা পেয়েছেন। তখন থেকেই শিল্পী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
বাঁশির সুরে দেশ-বিদেশে পরিচিতি
১৯৮০ সালের দিকে ঢাকায় শুদ্ধ সংগীত প্রসারের একটি অনুষ্ঠানে ওস্তাদ আমিনুর রহমানের সঙ্গে পরিচয় হয় বারী সিদ্দিকীর। পেশায় পাইলট আমিনুর রহমান ছিলেন ভারতবর্ষের বিখ্যাত বংশীবাদক ওস্তাদ পান্না লাল ঘোষের শিষ্য। তার বাড়িতে থেকেই দীর্ঘদিন বাঁশির তালিম নেন বারী। সেখানে ওস্তাদ তাগাল ব্রাদার্স, পণ্ডিত দেবেন্দ্র মুৎসুদ্দী ও ওস্তাদ আয়েফ আলী খান মিনকারীর সান্নিধ্যও পান তিনি।
বাঁশি শেখার জন্য ভারতের পুনেতেও গিয়েছিলেন বারী। সেখানে পণ্ডিত বিজি কারনাডের কাছে তালিম নেন। পরে শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ সম্মিলিত যন্ত্রসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এরপর সরকারি সহযোগিতায় দক্ষিণ এশীয় সার্ক ফেস্টিভ্যালে বাঁশি বাজানোর সুযোগ পান।
ধীরে ধীরে বংশীবাদক হিসেবে পরিচিতি বাড়তে থাকে তার। উচ্চাঙ্গ সংগীতের বিভিন্ন আয়োজনে বাঁশি বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করতেন। ১৯৯৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফ্লুট সম্মেলনে উপমহাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি। বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য এটি ছিল উল্লেখযোগ্য অর্জন।
পেশাগতভাবে ১৯৮০ সালে বাঁশি বাজানো শুরু করেন বারী। ১৯৮৬ সালে বিটিভির ‘সৃজন’ অনুষ্ঠানে প্রথম বাঁশি বাজান। গায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার আগে প্রায় দুই দশক বংশীবাদক হিসেবে কাজ করেছেন তিনি। পরে কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা বাড়লে দেশের বাইরে বংশীবাদক হিসেবে তার সফর কমে আসে। তখন বিশ্বের বিভিন্ন দেশে কণ্ঠশিল্পী হিসেবেই সংগীত পরিবেশন করতেন।
হুমায়ূন আহমেদের হাত ধরে গায়ক হিসেবে উত্থান
কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়ের পর বারী সিদ্দিকীর জীবনের মোড় ঘুরে যায়। হুমায়ূন আহমেদের এক জন্মদিনের অনুষ্ঠানে তার বাসায় বাঁশি বাজাতে গিয়েছিলেন বারী। সেখানে বাঁশি বাজানোর পাশাপাশি গানও পরিবেশন করেন। তার গান শুনে মুগ্ধ হন হুমায়ূন আহমেদ। তাকে আরও গান গাইতে উৎসাহ দেন।
১৯৯৫ সালে বিটিভির ‘রং-এর বারৈ’ অনুষ্ঠানে প্রথম গান করেন বারী সিদ্দিকী। এর পরপরই হুমায়ূন আহমেদ তাকে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব দেন। সেই চলচ্চিত্রের গান দিয়েই কণ্ঠশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
চলচ্চিত্রের গানে সাফল্যের পর বাজারে আসে তার দুটি একক অ্যালবাম—‘দুঃখ রইলো মনে’ ও ‘অপরাধী হইলেও আমি তোর’। দুটি অ্যালবামই শ্রোতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। বিশেষ করে উকিল মুন্সীর লেখা গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে উচ্ছ্বসিত ছিলেন বারী।
এক সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছিলেন, ‘হুমায়ূন স্যার আমার গাওয়ার পেছনে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন। মূলত তার সাহস নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছি।’
গায়ক হিসেবে বিপুল জনপ্রিয়তা পেলেও নিজের পরিচয়ের ক্ষেত্রে বরাবরই বংশীবাদক পরিচয়টিকে প্রাধান্য দিতেন বারী সিদ্দিকী। বাঁশির প্রতি তার ভালোবাসা ছিল আমৃত্যু।
অভিনয়েও দেখা গেছে তাকে
সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে বারী সিদ্দিকীকে। ‘মাটির পিঞ্জিরা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া ফেরারি অমিতের নির্দেশনায় ‘পাগলা ঘোড়া’ নাটকেও অভিনয় করেন। তবে অভিনয়কে কখনো পেশা হিসেবে নেননি। মূলত অনুরোধে ও শখের বশেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এই শিল্পী।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। কিন্তু কিছু কণ্ঠ, কিছু সুর থেকে যায় চিরকাল। বারী সিদ্দিকী তেমনই একজন শিল্পী। হাওরের মাটির ঘ্রাণমাখা গান আর বাঁশির মায়াবী সুরে তিনি যে ভালোবাসার জায়গা তৈরি করে গেছেন, নয় বছর পরও তা অমলিন। তার নশ্বর দেহ না থাকলেও গানের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবেন এই শিল্পী।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।