বিনোদন

তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা

অসুস্থতার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অবশেষে গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরেন তিনি। অভিনয়ে ফিরেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী। তার অভিনীত নতুন নাটক ‘অংশীদার’ মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তানিয়া। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসা পাচ্ছে এটি। প্রকাশিত তথ্য অনুযায়ী, নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজারে।

পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এর সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।

নাটকটি দেখে আবেগাপ্লুত হয়েছেন অনেক দর্শক। সুমাইয়া নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে—এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’

ফারজানা নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল, আমাদের সঙ্গেও মিলে গেল। আমরাও দুই বোন, বাবা মারা গেছেন। আত্মীয়স্বজনদের কত রূপে দেখছি। কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছেন।’

নাটকের গল্পের পাশাপাশি তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরাকেও স্বাগত জানিয়েছেন দর্শকেরা। আরোশি নামের এক দর্শক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো—এই দোয়া করি।’

দর্শকদের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছেন তারা। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো দলের জন্য বড় অনুপ্রেরণা।

তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরা প্রসঙ্গে নির্মাতা জানান, গত বছরের শেষ দিকে অভিনেত্রীর সঙ্গে তার কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার খবর পাওয়ায় সেই কাজ আর হয়ে ওঠেনি। পরে মাসখানেক আগে আবারও তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। ‘অংশীদার’ নাটকের গল্প পড়ে তানিয়া নিজেই কাজটি করার আগ্রহ প্রকাশ করেন।

ইকসান রনি বলেন, শুটিংয়ের আগে তারা দুই দিন একসঙ্গে বসে প্রস্তুতি নিয়েছেন। অভিনয়ে ফেরার জন্য তানিয়া বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। নাটকটিতে নিজের চরিত্রেও তিনি দারুণ অভিনয় করেছেন।

দীর্ঘ অসুস্থতা ও কঠিন সময় পেরিয়ে তানিয়া বৃষ্টির এই প্রত্যাবর্তন তাই শুধু নতুন নাটকে কাজ করা নয়, দর্শকদের কাছে নতুন করে ফিরে আসারও গল্প। তার এই ফেরাকে ভালোবাসা ও শুভকামনায় স্বাগত জানিয়েছেন ভক্তরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...