বলিউডের জনপ্রিয় জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। ‘ফোর্স ৩’ সিনেমার একটি গানে দেখা যাবে নোরাকে। এর মধ্য দিয়ে পাঁচ বছর পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।
২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা পান নোরা ফাতেহি। গানটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর মধ্য দিয়েই নৃত্যশিল্পী হিসেবে বলিউডে পরিচিতি পান তিনি। সিনেমাটির নায়ক ছিলেন জন আব্রাহাম, যিনি ‘দিলবার’ গানেও উপস্থিত ছিলেন।
এরপর ২০১৯ সালে ‘বাটলা হাউজ’ সিনেমার ‘সাকি সাকি’ এবং ২০২১ সালে ‘সত্যমেভ জয়তে ২’-এর ‘কুসু কুসু’ গানেও নাচেন নোরা। গানগুলোও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়।
‘ফোর্স ৩’-এর সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি অ্যাকশননির্ভর হওয়ায় দর্শকদের আকর্ষণের কথা মাথায় রেখে বড় পরিসরে একটি গানের আয়োজন করছেন নির্মাতারা। গানটিতে নাচের পাশাপাশি চিত্রায়ণেও থাকবে জমকালো আয়োজন।
সিনেমাটিতে আবারও এসিপি যশবর্ধন সিংয়ের চরিত্রে ফিরছেন জন আব্রাহাম। ২০১১ সালে ‘ফোর্স’ সিনেমার মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। এরপর ২০১৬ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ফোর্স ২’।
তৃতীয় কিস্তিতে জনের সঙ্গে অভিনয় করছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা ও সূর্য শর্মাসহ অন্যরা। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। আগামী ১৯ মার্চ ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ফোর্স ৩’-এর।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।